মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদ-পরবর্তী এক মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়টি অত্যন্ত কঠিন এবং একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জ্বালানির প্রধান উৎস ওই অঞ্চল হওয়ায় যুদ্ধের প্রভাব সরাসরি দেশের ওপর পড়ছে।
তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে।
জ্বালানি নিরাপত্তা নিয়ে সরকার সজাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, শিল্প ও বিদ্যুৎ খাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে তেলের দাম বাড়ালেও বাংলাদেশ এখনো তেল, পরিবহন ভাড়া বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায়নি। ঈদযাত্রায়ও তেলের সংকটের কারণে কেউ ভোগান্তিতে পড়েনি। তবে পরিস্থিতি অবনতি হলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপর পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
পূর্ববর্তী সরকারের কাছ থেকে পাওয়া অর্থনীতিকে ‘নিম্নগতির’ আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমানে দারিদ্র্য বাড়ছে, চাকরি ও বিনিয়োগ কমছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
দুর্নীতি ও অপচয় বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। পাশাপাশি তিনি জনগণকে সংযমী জীবনযাপন ও অপচয় রোধের আহ্বান জানান।
এবারের ঈদের আগে পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, আগের বছরগুলোর মতো কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা সহিংসতা এবার দেখা যায়নি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
দেশের একাধিক সড়ক দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক
হাদি হত্যা মামলায় জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে: আদালতে ফয়সাল
ঈদ সিনেমায় দর্শকের মন জয়ে ৪ নায়িকার প্রতিযোগিতা