Tuesday, March 24th, 2026, 7:46 pm

হাদি হত্যার অভিযুক্ত দুইজনকে কলকাতা থেকে পাঠানো হলো দিল্লিতে

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ মার্চ) তাদের দিল্লিতে নেওয়া হয়।

এর আগে গত ২২ মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের হাজির করা হলে আদালত ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। সে অনুযায়ী আগামী ২ এপ্রিল তাদের আবার আদালতে তোলার কথা ছিল। ওই সময় তাদের বিরুদ্ধে ফরেনারস আইনে মামলা চলমান ছিল।

তবে পরবর্তীতে এনআইএ নতুন করে আদালতে আবেদন করে এবং আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) আইন বা ইউএপিএ-এর ১৬ ও ১৮ ধারায় মামলা অন্তর্ভুক্ত করে। সংস্থাটি আদালতে জানায়, তদন্তের স্বার্থে তারা কারাগারে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে চায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে।

এরপর আবারও এনআইএ পক্ষ থেকে অভিযুক্তদের পশ্চিমবঙ্গের কারাগার থেকে দিল্লিতে তাদের সদর দপ্তরে স্থানান্তরের অনুমতি চাওয়া হয়। আদালত সেই আবেদনেও সম্মতি দিলে দুই অভিযুক্তকে দিল্লিতে নেওয়া হয়।

উল্লেখ্য, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন।

ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং আলমগীর হোসেন ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

এনএনবাংলা/