Wednesday, March 25th, 2026, 6:35 pm

ঈদে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

 

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে একই সঙ্গে প্রাণ গেল তিন বছর বয়সী দুই ভাইয়ের। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের কালকিনির পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু রমজান উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতে ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৌরনদীর পূর্ব ডুমুরিয়ার এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম। মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালের আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।