Wednesday, March 25th, 2026, 7:38 pm

কুড়িগ্রামে সেতুর দাবিতে মানববন্ধন

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত ধরলা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সদরের আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা নদীর বাঁধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন বয়সী সহস্রাধিক মানুষ অংশ নেন। এতে অংশ নেওয়া মানুষের কণ্ঠে ছিল দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা আর প্রতিদিনের দুর্ভোগের করুণ চিত্র।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সদরের হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, স্থানীয়দের মধ্যে শহিদুল ইসলাম শহীদ, আশরাফুল আলম, নজরুল ইসলাম, সাইফুর রহমান, ইউনুস আলি প্রমুখ।

বক্তারা বলেন, বছরের পর বছর ধরে এই সেতুর দাবি জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়ন এবং ফুলবাড়ী উপজেলার হাজারো মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা, যা বর্ষা মৌসুমে হয়ে ওঠে জীবনের ঝুঁকিপূর্ণ যাত্রা। জরুরি মুহূর্তে, বিশেষ করে গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গিয়ে প্রায়ই চরম বিপাকে পড়তে হয় স্বজনদের। অনেক সময় বিলম্বের কারণে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও।

কৃষকদের দুর্ভোগও কম নয়। উৎপাদিত ফসল বাজারে নিতে অতিরিক্ত সময় ও খরচ হওয়ায় তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, যা তাদের নিয়মিত পড়াশোনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতু নির্মাণের জোর দাবি জানান অংশগ্রহণকারীরা । অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।