সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
চলমান জ্বালানি সংকট নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, ক্রাইসিস (সংকট) আছে। যুদ্ধ (ইরান যুদ্ধ) এভাবে চললে এই ক্রাইসিস মেটানো খুব কঠিন হয়ে পড়বে।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, ‘শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয় নাই।’
কাদের সিদ্দিকী বলেন, ‘মন্ত্রী সাহেবদের কথা আর সাধারণ মানুষদের চিন্তা-চৈতন্য এবং বাস্তব অবস্থার মধ্যে একটা ফারাক থাকে। বর্তমান মন্ত্রী যারা আছেন, তাদের অনেকের অভিজ্ঞতা নেই, কিছু অভিজ্ঞ মন্ত্রী আছেন। সত্যিকার অর্থে বাস্তবে হয়তো কোনো ক্রাইসিস নেই, কিন্তু মানুষ যেটা উপলব্ধি করবে, সেটাই হলো আসল।’
দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি। কিন্তু তার ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছেন।
সবাই জানে, আমি তারেক রহমানের অনেক কিছুই পছন্দ করতাম না, হাওয়া ভবনকে পছন্দ করিনি, তার কার্যকলাপ অনেক কিছুই পছন্দ করিনি। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয়নাই। তার প্রতিটি কাজই অনেকাংশে আমার কাছে পছন্দ হয়েছে। এই এক মাসে তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হয়েছে। তিনি যদি তার সংগঠনের গ্রাসরুটের (তৃণমূলের) যারা খারাপ, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আমার ধারণা বাংলাদেশে তিনি প্রাতঃস্মরণীয় হবেন।’
এর আগে মঙ্গলবার বিকেলে কাদের সিদ্দিকী বীরউত্তম টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় তাঁর নিজ প্রকল্প দেখতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন
পদ্মায় বাস দুর্ঘটনা: ৪৫ যাত্রীসহ বাস নদীতে, ২ জনের মরদেহ উদ্ধার
কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৮
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ