Thursday, March 26th, 2026, 4:12 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ৭ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ায় যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে এ যানজটের শুরু হয়, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান উৎসব’ শুরু হয়েছে। এতে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে, যার ফলে মহাসড়ক ও আশপাশের সড়কে তীব্র চাপ তৈরি হয়েছে।

ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক বাঁধন হক জানান, ‘বিকল্প সড়ক ব্যবহার করেও তেমন সুবিধা পাওয়া যাচ্ছে না। যানবাহনের চাপ এত বেশি যে প্রায় থেমে থেমে চলতে হচ্ছে।’

দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক রহিম মিয়া বলেন, ‘সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সকাল ৯টার পর গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে। লাঙ্গলবন্দ এলাকায় রাস্তার এক পাশ বন্ধ থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’

যাত্রী সাত্তার বলেন, ‘গাড়ি একটুও এগোচ্ছে না। বাধ্য হয়ে নেমে হেঁটে রওনা দিয়েছি। সামনে গিয়ে শাখা সড়ক দিয়ে যেতে হবে।’

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা ছাড়িয়ে গজারিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

তিনি আরও জানান, ‘স্নান উৎসবে পুণ্যার্থীদের ঢল নামায় যানবাহনের চাপ বেড়ে গেছে, যা যানজটের প্রধান কারণ।’

প্রসঙ্গত, লাঙ্গলবন্দে দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব ২৫ মার্চ শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে। আজ পুণ্যার্থীর উপস্থিতি বেশি হওয়ায় যানজট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এনএনবাংলা/