Friday, March 27th, 2026, 5:31 pm

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

 

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন শাহ’ নামে বেশি পরিচিত।

শুক্রবার রাজধানী কাঠমান্ডু-এর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানের আগে ২০০ জনেরও বেশি হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামা শঙ্খধ্বনি, স্তোত্রপাঠ ও শান্তির প্রার্থনায় অংশ নেন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি নেতৃত্বাধীন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বালেন শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিশাল জয় পায়। ২৭৫ সদস্যের সংসদে দলটি ১৮২টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করছে।

নেপালের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ছিল কয়েকটি প্রতিষ্ঠিত দল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি (ইউএমএল) এবং প্রাচীনতম দল নেপালি কংগ্রেস উল্লেখযোগ্য।

তবে এবারের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে পুরোনো দলগুলো। নেপালি কংগ্রেস মাত্র ৩৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ওলির দল পেয়েছে মাত্র ২৫টি আসন।

উল্লেখ্য, স্বাধীন প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে জনপ্রিয়তা পাওয়া বালেন শাহ পরে রবি লামিছানে-এর নেতৃত্বাধীন আরএসপিতে যোগ দেন। দলটি তাদের ইশতেহারে ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

চীন ও ভারতের মধ্যবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিমালয় রাষ্ট্র নেপালে এই পরিবর্তনকে নতুন রাজনৈতিক যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এনএনবাংলা/