পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়।
ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করে জানান, পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৬০ ঘণ্টা। শুক্রবার সকাল ৮টার দিকে ডিজেলগুলো পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সরবরাহ করা হয়েছে।
কৃষিনির্ভর উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং ডিজেলনির্ভর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এই পাইপলাইন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০১৭ সালের ২২ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পাওয়া গেছে।
এর আগে গত ১১ মার্চ আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। সর্বশেষ চালান হিসেবে শুক্রবার আবারও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। আগামী সপ্তাহেও একই পরিমাণ ডিজেল আসার কথা রয়েছে।
এদিকে, আগামী ৪ মাসের মধ্যে একই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বিপিসি, যা বর্তমানে জ্বালানি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
‘সরকার বলছে সংকট নেই, কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না তেল’: ভোগান্তিতে সাধারণ মানুষ