দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় আরও জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার পেট্রোল পাম্পগুলোতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই দায়িত্ব পালন করবে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন এবং নিয়মিত দৈনিক প্রতিবেদন জমা দেবেন।
এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অতি শিগগির ট্যাগ অফিসার নিয়োগ করে প্রয়োজনীয় তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়: দূতাবাস
১০ এপ্রিলের মধ্যে বাসা পাচ্ছেন এমপিরা, তদন্ত হবে সংসদের অডিও বিভ্রাটের
তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা