ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে স্থাপন করা ট্যাংক থেকে প্রায় ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামের একটি পেট্রোল পাম্পে (মিনি পাম্প) এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাম্পে অভিযান চালানো হয়। অভিযানের সময় পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে স্থাপন করা দুটি ট্যাংক এবং দুটি গাড়িতে জ্বালানি মজুদ রাখা অবস্থায় পাওয়া যায়।
অভিযানে অবৈধভাবে মজুদ রাখা মোট ২৩ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া উদ্ধার করা অবৈধ জ্বালানি তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, গত দেড় থেকে দুই মাস ধরে ওই মালিক অবৈধভাবে জ্বালানি মজুদ করে আসছিলেন। দাম বৃদ্ধি হলে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এসব তেল মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, একই জেলার হালুয়াঘাট উপজেলায় শুক্রবার রাতে পৃথক এক অভিযানে ২৩০ লিটার জ্বালানি তেল জব্দ করে উপজেলা প্রশাসন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক