ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির আগ থেকেই আলোচনায় ছিল, আর মুক্তির পর সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে বলে জানান তিনি।
ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ করছেন তুষি। দর্শক প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এক কথায় অভিজ্ঞতাটি অসাধারণ। সিনেমা চলাকালীন দর্শকদের আবেগ ও প্রতিক্রিয়া সরাসরি অনুভব করতে পারছেন, যা একজন অভিনেত্রী হিসেবে তার জন্য বিশেষ প্রাপ্তি।
বিশেষ করে নারী দর্শকদের কাছ থেকে পাচ্ছেন আবেগঘন সাড়া। অনেকেই সিনেমা দেখার পর তাকে জড়িয়ে ধরছেন, প্রশংসা করছেন, এমনকি মায়ের বয়সী দর্শকরাও আশীর্বাদ করছেন। তুষির ভাষায়, এসব ভালোবাসা তাকে আরও অনুপ্রাণিত করছে।
তিনি জানান, রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স-এ একদল নারী দর্শক তার অভিনয়ের প্রশংসা করে বলেছেন, চরিত্রে এতটাই বাস্তবতা ছিল যে তারা ভুলেই গিয়েছিলেন এটি একটি সিনেমা।
পরিচালক রায়হান রাফীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তুষি বলেন, এটি তার সঙ্গে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলেও আগে ‘আন্ধার’ নামের আরেকটি প্রজেক্টে কাজ করেছেন। রাফীকে তিনি বহুমুখী প্রতিভার নির্মাতা হিসেবে উল্লেখ করেন, যিনি ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার সাহস রাখেন।
‘প্রেশার কুকার’ সিনেমাটি বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, নারীকেন্দ্রিক ও শহুরে জীবনের নানা স্তরের গল্প তাকে সবসময় আকর্ষণ করে। এই সিনেমাটি একটি হাইপারলিংকড গল্পের মাধ্যমে বিভিন্ন চরিত্রকে তুলে ধরেছে, যেখানে নারীদের গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে।
নিজের ক্যারিয়ার নিয়ে তুষি বলেন, ছোটবেলা থেকেই তার একটাই স্বপ্ন ছিল—অভিনেত্রী হওয়া। তিনি সেই লক্ষ্য অর্জন করতে পেরেছেন কিনা, তা দর্শকের ওপর ছেড়ে দিলেও নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ‘প্রেশার কুকার’-এ তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছেন বলে জানান।
এদিকে তার অভিনীত আরেকটি সিনেমা ‘রইদ’ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি কবে দেশে মুক্তি পাবে, তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এনএনবাংলা/


আরও পড়ুন
ঢাকায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, এক হাসপাতালেই মার্চে ১৯ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কড়াকড়ি, যাচাই করা হবে সোশ্যাল মিডিয়া
এবারের পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার