ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করছে যুক্তরাষ্ট্র। আগামীকাল ৩০ মার্চ থেকে এইচ-১বি (H-1B) ভিসাসহ একাধিক নন-ইমিগ্রান্ট ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, নন-ইমিগ্রান্ট ভিসার একটি বড় অংশ এই নতুন নিয়মের আওতায় আসবে। এর মধ্যে রয়েছে—এ-৩ ও সি-৩ ক্যাটাগরির গৃহকর্মী, জি-৫ ও এইচ-৩ ক্যাটাগরির প্রশিক্ষণার্থী এবং এইচ-৪ ক্যাটাগরির নির্ভরশীলরা।
এ ছাড়া কে ভিসার আওতায় থাকা বাগ্দত্তা বা স্পাউস ক্যাটাগরি এবং কিউ, আর, এস, টি ও ইউ ক্যাটাগরির ভিসার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। একই সঙ্গে এইচ-১বি, এইচ-৪, এফ, এম এবং জে ভিসার আবেদনকারীদেরও এর আওতায় আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখতে হবে। কনস্যুলার কর্মকর্তারা ব্যাকগ্রাউন্ড চেকের সময় আবেদনকারীর অনলাইন কনটেন্ট, কার্যক্রম এবং অন্যান্য ডিজিটাল রেকর্ড পরীক্ষা করবেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা স্ক্রিনিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে এমন আবেদনকারীদের শনাক্ত করা সহজ হবে, যারা দেশটির জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিসা (এফ, এম ও জে) এবং ডিসেম্বরে এইচ-১বি কর্মীদের জন্য এই ব্যবস্থা আংশিকভাবে চালু করা হয়েছিল।
এদিকে, সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পাশাপাশি মার্কিন শ্রম বিভাগ বিদেশি কর্মীদের ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এইচ-১বি, এইচ-১বি১, ই-৩ এবং পার্ম প্রোগ্রামের আওতায় ‘প্রিভেইলিং ওয়েজ’ কাঠামো পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। ২০ বছরের বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা এই চার স্তরের মজুরি কাঠামো আপডেট হলে বিদেশি কর্মীদের গড় বার্ষিক বেতন প্রায় ১৪ হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে ইসলামাবাদে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ঢাকায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, এক হাসপাতালেই মার্চে ১৯ শিশুর মৃত্যু
এবারের পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার