এক-এগারো সরকারের আরেক কুশীলব হিসেবে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের (৬১) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করলেও, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে এক-এগারো সরকারের আরও দুই কুশীলব হিসেবে পরিচিত বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। বর্তমানে তারা ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।
সূত্র জানায়, মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারো সরকারের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় তিনি অন্যতম হোতা ছিলেন বলে অভিযোগ রয়েছে। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল, সেখানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন বলেও সূত্র দাবি করেছে।
জানা গেছে, ডিজিএফআইয়ের এই সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২০০৯ সালের ৫ নভেম্বর চাকরি থেকে বরখাস্ত হন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।
এক-এগারো সরকারের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বারবার সাবেক এই কর্মকর্তার নাম উঠে এসেছে।
এছাড়াও বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা করা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ এবং ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনের ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
মুনাফার প্রলোভনে বিনিয়োগ, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
সবাইকে কাঁদাচ্ছে ছেলেকে লেখা শেষ চিঠি, কী লিখেছিলেন রাহুল?
সব ধরনের টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, শিগগিরই আসছে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী