Monday, March 30th, 2026, 7:12 pm

ইরানের জ্বালানি অবকাঠামো ও খার্গ দ্বীপ ধ্বংসের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামো—যার মধ্যে বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ অন্তর্ভুক্ত—এসব স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী তেহরান পুনরায় উন্মুক্ত না করলে এ ধরনের হামলা চালানো হতে পারে।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘অনেক অগ্রগতি হয়েছে। তবে যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়—যার সম্ভাবনাও রয়েছে—এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসা-বাণিজ্যের জন্য উন্মুক্ত না করা হয়, তাহলে আমরা ইরানে আমাদের এই চমৎকার “অবস্থান” শেষ করব।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ ও খার্গ দ্বীপ উড়িয়ে দেব এবং সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেব।’

জানা গেছে, মার্চের শুরু থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং তেলের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালানো হবে।

পরবর্তীতে ‘ফলপ্রসূ আলোচনা’র অগ্রগতির কথা উল্লেখ করে তিনি সেই আল্টিমেটাম পিছিয়ে দিয়ে নতুন করে আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন।

এনএনবাংলা/পিএইচ