Wednesday, April 1st, 2026, 1:56 pm

ফুটপাত-সড়ক দখলমুক্তে ডিএমপির অভিযান

 

রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার লক্ষ্যে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। তিনি জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে।

অভিযান চলাকালে দেখা যায়, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাত দখল করে রাখা দোকানের অংশ, সড়কের ওপর রাখা মোটরসাইকেল এবং অবৈধভাবে বসানো বিভিন্ন দোকানপাট সরিয়ে দেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করছে। জোনগুলো হলো—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান।

অভিযানের আওতায় সড়কের পাশে গড়ে ওঠা খাবারের দোকান, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

ডিএমপি জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এনএনবাংলা/পিএইচ