Wednesday, April 1st, 2026, 2:04 pm

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হতে পারে। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারিয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত হলেই যুক্তরাষ্ট্র অভিযান সমাপ্ত করবে। তিনি দাবি করেন, ইরান বর্তমানে একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। তবে চুক্তি হোক বা না হোক, নির্ধারিত সময়ের মধ্যেই অভিযান শেষ করার বিষয়ে তিনি আশাবাদী।

সাংবাদিকদের ট্রাম্প আরও জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ইরান থেকে সামরিকভাবে সরে আসতে পারে। গত মাসের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে চালানো বিমান হামলার লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে বলেও তিনি দাবি করেন। তার মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা সীমিত করাই ছিল এই হামলার প্রধান উদ্দেশ্য এবং সেই লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছানো গেছে।

ট্রাম্প বলেন, বর্তমানে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও দাবি করেন, বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যার মাধ্যমে দেশটির শাসন কাঠামোতেও পরিবর্তন এসেছে। নতুন নেতৃত্বকে তিনি আগের তুলনায় কম উগ্র ও বেশি যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানের নেতারা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে, যদিও ইরান আগে এ ধরনের দাবি অস্বীকার করেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে ট্রাম্প বলেন, সামরিক কার্যক্রম শেষ হলেই জ্বালানির দাম কমে আসবে।

অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং সংঘাত শেষ হওয়ার সম্ভাবনা দৃশ্যমান। তবে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। একই সঙ্গে তিনি বলেন, আলোচনার নামে সময়ক্ষেপণ ট্রাম্প প্রশাসন মেনে নেবে না।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ভবিষ্যতে নতুন করে সংঘাত হবে না—এ বিষয়ে নিশ্চয়তা পেলেই কেবল তেহরান যুদ্ধ শেষ করতে আগ্রহ দেখাবে।

মিত্রদের সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, তারা যেন নিজেরাই হরমুজ প্রণালী থেকে তেল সংগ্রহ করে, কারণ যুক্তরাষ্ট্র আর তাদের সহযোগিতা করতে পারবে না।

এরই মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বৈরুতের বাইরে খালদে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানে অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে—এমন ধারণাই প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই দিয়ে আসছেন।

শান্তির প্রস্তাব দিয়েছে চীন ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত বন্ধে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে চীন ও পাকিস্তান। প্রস্তাবগুলোতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে।

ইস্পাহানে ইরানের একটি গোলাবারুদ ডিপোতে যুক্তরাষ্ট্রের ৯০০ কেজি ওজনের বাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহারের ঘটনা এবং ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। একই দিনে কুয়েতের একটি তেলবাহী ট্যাঙ্কারেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে

ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, দেশজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় প্রায় ৯০ হাজার আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলেও আঘাত হানে ইরান, এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

দুবাইয়ের জলসীমায় ড্রোন হামলার ফলে কুয়েতের একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানো শুরু হয়েছে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে তারা যাত্রা করে ইতোমধ্যে মোতায়েন হওয়া অতিরিক্ত নৌ ও বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে যুক্ত হবে। গত সপ্তাহান্তেই প্রায় আড়াই হাজার সেনা ওই অঞ্চলে পৌঁছেছে।

সৌদি আরবকে বার্তা ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবকে উদ্দেশ করে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সৌদি আরবকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের সামরিক অভিযান কেবল শত্রু ও আগ্রাসনকারীদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ