ভোলার বিসিক শিল্প নগরীতে দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কারখানার মালিককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ মাহমুদ বুলবুল এই অভিযান পরিচালনা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— জামাল খানের মালিকানাধীন মেসার্স খান ফ্লাওয়ার মিলস এবং এনামুল হকের মালিকানাধীন তৃষ্ণা ফ্যাক্টরি। অভিযানে খান ফ্লাওয়ার মিল থেকে ৪ হাজার লিটার এবং তৃষ্ণা ফ্যাক্টরি থেকে ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিসিকের একটি ময়দার কারখানায় অবৈধভাবে তেল মজুত রাখা হয়েছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় খান ফ্লাওয়ার মিলের মালিক জামাল উদ্দিন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে তৃষ্ণা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার তেল জব্দ করে মালিক এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই অভিযানের এক পর্যায়ে মজুত করা তেল বৈধ দাবি করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ভ্রাম্যমাণ আদালতের গাড়ির সামনে ইট ও বালির বস্তা ফেলে বিক্ষোভ করেন এবং মূল ফটকে তালা লাগিয়ে দেন। একপর্যায়ে আদালত ও পুলিশের দুটি গাড়ি অবরুদ্ধ করার চেষ্টা করা হয়।
পরে পুলিশ, কারখানার মালিক এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা দুটি সিলগালা করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ মাহমুদ বুলবুল জানান, বৈধ কোনো কাগজপত্র না থাকায় তেল জব্দ করা হয়েছে এবং দুই কারখানার মালিককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
তবে কারখানার মালিক জামাল উদ্দিন দাবি করেন, তিনি বৈধ অনুমতি নিয়েই কারখানার ব্যবহারের জন্য তেল মজুত করেছিলেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
৫৩ বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ, লাইভ দেখাবে নাসা
বাগদাদে মার্কিন সাংবাদিক অপহৃত
আ. লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী