বিতর্কিত বক্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আজহারির বিষয়ে খবরটি সর্বপ্রথম প্রকাশ করে ডেইলি মেইল। অনলাইনে তার প্রায় এক কোটি অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর প্রবাসী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত ধর্মীয় বক্তৃতা দিয়ে থাকেন।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অফ ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। এ সূচির আওতায় ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা শহরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে সফর চলাকালীন সময়েই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে অস্ট্রেলিয়া ত্যাগ করতে বলা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আজহারির ভিসা বাতিল করা হয়েছে এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বাংলাদেশেও উগ্র বক্তব্যের অভিযোগে তার জনসম্মুখে বক্তব্য দেওয়ার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সিনেটে বলেন, আজহারির সফর নিয়ে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের আগেই বিভিন্ন সংগঠন সতর্ক করেছিল।
তিনি জানান, মন্ত্রীসহ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে এ বিষয়ে তথ্য পেয়েছিলেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ২০২৩ সালে আজহারি ইহুদিবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন এবং হলোকাস্টের প্রশংসাসূচক বক্তব্য দিয়েছেন। সেখানে তাকে ইহুদিদের অমানবিকভাবে উপস্থাপন করার অভিযোগও আনা হয়েছে।
এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন। একই সঙ্গে ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তাদের ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
প্রাথমিকেও সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৫ বার
রাজশাহীতে হামের প্রাদুর্ভাব, ১৫ জনের মৃত্যু