Wednesday, April 1st, 2026, 4:41 pm

বাগদাদে মার্কিন সাংবাদিক অপহৃত

 

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলেসনকে অপহরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের একটি হোটেলের কাছ থেকে অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একজন বিদেশি সাংবাদিক অপহরণের ঘটনা তারা নিশ্চিত করেছে এবং তাকে উদ্ধারে শহরজুড়ে অভিযান চালানো হচ্ছে। অপহরণকারীদের ধাওয়া করার সময় একটি গাড়ি আটক করা হয়, যা পালানোর সময় উল্টে যায়। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপহৃত সাংবাদিককে প্যালেস্টাইন হোটেলের কাছে অবস্থিত আল-সাদুন স্ট্রিট এলাকা থেকে তুলে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ পোশাক পরা চারজন ব্যক্তি তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ওই গাড়ির সন্ধানে রাজধানীর পূর্বাঞ্চলে অভিযান জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা সূত্রের ধারণা, ইরান-সমর্থিত মিলিশিয়া কাতিব হিজবুল্লাহ জড়িত থাকতে পারে। এর আগে ২০২৩ সালে একই গোষ্ঠী ইসরাইলি-রুশ গবেষক এলিজাবেথ সুরকভকে অপহরণ করেছিল।

শেলি কিটলেসন বিবিসি, আল মনিটর, ফরেন পলিসি ও দ্য ন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। তিনি মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান নিয়ে নিয়মিত রিপোর্ট করেন।

জানা গেছে, তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী উত্তেজনার প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে বাগদাদে গিয়েছিলেন।

এনএনবাংলা/