Wednesday, April 1st, 2026, 5:40 pm

ক্রাইমিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯

 

রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬ পরিবহন বিমান ক্রাইমিয়ার এক খাড়া পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়ে ২৯ জন আরোহীর প্রাণহানি ঘটেছে।

রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পরিকল্পিত ফ্লাইটে থাকা বিমানটির সঙ্গে ক্রাইমিয়ার আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

তাস বার্তা সংস্থা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে একটি তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল সনাক্ত করেছে। বিমানটিতে থাকা ২৩ যাত্রী ও ছয় ক্রু সদস্য নিহত হয়েছেন। তবে মন্ত্রণালয় মোট আরোহীর সংখ্যা প্রকাশ করেনি এবং বিমান থেকে কোনো বেঁচে থাকা ব্যক্তি উদ্ধারের তথ্যও জানা যায়নি।

ক্রাইমিয়া উপদ্বীপটি ২০১৪ সালে ইউক্রেইন থেকে রাশিয়ার দখলে আসে এবং এটি কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত।

এএন-২৬ একটি হালকা কৌশলগত সামরিক পরিবহন বিমান, যা রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান পরিবহন বিমান হিসেবে ব্যবহৃত হয়। এটি স্বল্প ও মাঝারি পাল্লার ফ্লাইটে মালামাল এবং সর্বোচ্চ ৪০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কোনো ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির ভূমিকা নেই। বর্তমানে সামরিক বাহিনীর একটি কমিশন ঘটনাস্থলে কাজ করছে।

এনএনবাংলা/পিএইচ