Wednesday, April 1st, 2026, 8:13 pm

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি বন্দি, মানবপাচার ও নির্যাতনের শিকার

ছবি: সংগৃহীত

 

আজ বুধবার (১ এপ্রিল) সকালে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রত্যাবাসিত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের যৌথ প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হয়।

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১১৩ জন এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ৬২ জনকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহযোগিতায় দেশে আনা হয়।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ভোর ৬:২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন এবং মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতার শিকার হন। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এছাড়া, জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যাবাসিতদের এই অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

এনএনবাংলা/