দেশে সরকারি চাকরিতে বর্তমানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত থাকলেও শূন্য রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ—যা নিয়ে জাতীয় সংসদে আলোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে নওগাঁ-৬ আসনের বিএনপির এমপি শেখ রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ থেকে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
সরকারি চাকরির বিভিন্ন শ্রেণিতে শূন্য পদের বিস্তারিত চিত্র তুলে ধরে তিনি বলেন—
- প্রথম শ্রেণিতে কর্মরত ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, শূন্য ৬৮ হাজার ৮৮৪টি পদ
- দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, শূন্য ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ
- তৃতীয় শ্রেণিতে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, শূন্য ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ
- চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন, শূন্য ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ
- অন্যান্য (অনারারি, চুক্তিভিত্তিকসহ) কর্মরত ৭ হাজার ৯৮০ জন, শূন্য ৮ হাজার ১৩৬টি পদ
শূন্য পদ পূরণ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সরকারি অফিসের শূন্য পদ কবে পূরণ হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। সরকার ১৮০ দিনের একটি কর্মসূচি নিয়েছে, যেখানে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিয়োগ পরিকল্পনা অনুযায়ী জনবল নিয়োগ দেবে।”
বেতন বৃদ্ধি ও পে কমিশন
কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ তুললে প্রতিমন্ত্রী জানান— “ইতোমধ্যে পে কমিশন গঠন করা হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন। এ বিষয়ে পৃথক নোটিস দিলে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করা হবে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি বন্দি, মানবপাচার ও নির্যাতনের শিকার
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে বাংলাদেশের যুবারা