হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলভর্তি একটি ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সচল করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।
এর আগে বুধবার রাত প্রায় সোয়া ৯টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের শাহপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। ফলে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও পাশের খালে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর থেকেই বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত সচল করার জন্য কাজ করছে।
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে কিছু যাত্রী তাদের টিকিট রিফান্ড করেছেন। সিলেট থেকে ঢাকাগামী সকাল সোয়া ৬টার ট্রেনটি বিলম্বিত হয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে ছেড়েছে। এছাড়া সাড়ে ১০টার চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি দুপুর ১২টায় সিলেট ছেড়ে গেছে। ফলে সাময়িকভাবে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ট্রেনটির অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দ্রুত রেললাইন সচল করতে তৎপরতা চালানো হচ্ছে এবং আশা করা হচ্ছে, আরও কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
৬ শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ উদ্ধারে ৩৬ চুক্তি, ব্যাংক খাতে বড় পদক্ষেপ
ইরানের অনুমতি পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল
এলপি গ্যাসের দাম একলাফে বাড়লো ৩৮৭ টাকা