হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, হামে শিশু মৃত্যুর ঘটনাগুলোর সঠিক কারণ অনুসন্ধান করে আদালতের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হোক। ওই প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের প্রকৃত পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং এ পর্যন্ত গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণের জন্য একটি স্বাধীন, পূর্ণাঙ্গ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে। একই সঙ্গে সময়মতো টিকাদান কার্যক্রম গ্রহণে কেন বিলম্ব হয়েছে, তার ব্যাখ্যা এবং তদন্তের ফলাফল আদালতের সামনে উপস্থাপনের বিষয়েও নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসব বিষয় সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘনের শামিল। পাশাপাশি দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ এবং টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিকের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য আদালতের আদেশ কামনা করা হয়েছে।
রিটে আরও বলা হয়েছে, চলমান প্রাদুর্ভাবের মধ্যেও স্কুলগুলোতে সংস্পর্শ নিয়ন্ত্রণসহ তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা জননিরাপত্তার প্রতি বেপরোয়া অবহেলার পরিচয় দেয় এবং মানুষের জীবনের জন্য আসন্ন ঝুঁকি সৃষ্টি করছে। এ কারণে আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
পারস্য উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক
যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের