ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আগামী ১৬ এপ্রিল তিনজনের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এদিন স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় নথি আদালতে পেশ করে।
তবে মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর হেফাজতে থাকায় তাদের কাউকেই সরাসরি আদালতে হাজির করা সম্ভব হয়নি।
ভার্চুয়াল হাজিরা ও হেফাজতের অবস্থা
তিন আসামির মধ্যে—
- ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে
- ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দিল্লিতে এনআইএ হেফাজত থেকে
- ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করা হয়।
গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে তোলা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে ২৩ মার্চ এনআইএ জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকেই তারা দিল্লিতেই অবস্থান করছেন।
এদিকে শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন নির্ধারণ করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৫
বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
৬ শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ উদ্ধারে ৩৬ চুক্তি, ব্যাংক খাতে বড় পদক্ষেপ