মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক গুরুত্বপূর্ণ পদে রদবদল করছেন। সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে সরানোর পর এবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও বরখাস্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করা হয়। প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তাঁর কার্যক্রমে অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এছাড়া ট্রাম্পের অভিযোগ ছিল, সমালোচক ও বিরোধীদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় বন্ডি দ্রুত পদক্ষেপ নিচ্ছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন। তিনি আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
তবে বরখাস্ত হলেও ট্রাম্প বন্ডিকে “দেশপ্রেমিক ও বিশ্বস্ত বন্ধু” হিসেবে উল্লেখ করেন এবং তাঁর অধীনে অপরাধ দমনে বড় অভিযান পরিচালিত হয়েছে বলেও দাবি করেন।
অন্যদিকে বন্ডি জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের কাজ তিনি আগামী এক মাস চালিয়ে যাবেন।
সেনাপ্রধান র্যান্ডি জর্জও বরখাস্ত
এর আগে মার্কিন সেনাবাহিনীর প্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
পেন্টাগনের শীর্ষ পর্যায়ে চলমান শুদ্ধি অভিযান বা ছাঁটাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পেন্টাগন জানিয়েছে, মেয়াদ এক বছরের বেশি বাকি থাকলেও সেনাবাহিনীর ৪১তম প্রধান হিসেবে জর্জ অবিলম্বে অবসর নেবেন।
যুদ্ধকালীন সময়ে বিরল সিদ্ধান্ত
ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথ প্রতিরক্ষা বিভাগ পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নিলেও, যুদ্ধকালীন সময়ে কোনো জেনারেলকে বরখাস্ত করার ঘটনা প্রায় নজিরবিহীন।
এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বাড়ানোর পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে।
আরও দুই জেনারেল বরখাস্ত
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করা হয়েছে।
তবে র্যান্ডি জর্জের অপসারণের নির্দিষ্ট কারণ জানায়নি প্রতিরক্ষা বিভাগ।
এনএনবাংলা/

আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ২২ ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির চার্জশিট