Friday, April 3rd, 2026, 5:03 pm

বাংলাদেশের জার্সিতে হামজা’র ১ বছর, বললেন, ‘জীবনের সেরা সিদ্ধান্ত’

 

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চোধুরী বাংলাদেশের জার্সিতে এক বছর পূর্ণ করে নিজের অভিজ্ঞতাকে বলেছেন ‘জীবনের সেরা সিদ্ধান্ত’। ২৮ বছর বয়সী এই ফুটবলার আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের হয়ে খেলার অভিজ্ঞতা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়।

‘বাংলাদেশের হয়ে খেলা—অসাধারণ অনুভূতি’

হামজা বলেন, বাংলাদেশের জার্সিতে খেলা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা। তার ভাষায়, “এটি আমার করা সেরা কাজ। এর চেয়ে ভালো কিছু আমি চাইতে পারতাম না।” যদিও এশিয়ান কাপে জায়গা না পাওয়ার আক্ষেপ রয়েছে, তবে এই ব্যর্থতাকে তিনি ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবে দেখছেন। দলের উন্নতির দিকটি তুলে ধরে তিনি বলেন, প্রতিটি খেলার ভিডিও বিশ্লেষণে বুঝতে পারবেন দল হিসেবে কতটা এগিয়েছে।

অভিষেকেই ইতিহাস, ধারাবাহিক পারফরম্যান্স

গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার, আর সেই ম্যাচেই ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। গত এক বছরে জাতীয় দলের ১০ ম্যাচের মধ্যে ৯টিতে খেলেছেন তিনি। একটি ম্যাচ মিস করেছেন চোটের কারণে। খেলেছেন প্রতিটি ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট এবং করেছেন ৪টি গোল—যা একজন মিডফিল্ডারের জন্য উল্লেখযোগ্য অবদান।

এশিয়ান কাপ মিস, তবুও ইতিবাচক অগ্রগতি

যদিও এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ, তবুও পারফরম্যান্সে এসেছে দৃশ্যমান উন্নতি। ২০০০ সালের পর প্রথমবারের মতো বাছাইপর্বে কোনো গ্রুপের তলানিতে থাকেনি দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করেছে সমানতালে এবং কোনো ম্যাচেই বড় ব্যবধানে হারেনি।

‘আমরা এগিয়ে যাচ্ছি’—হামজার আত্মবিশ্বাস

হামজা মনে করেন, গত এক বছরে দল হিসেবে বাংলাদেশ অনেকটাই উন্নতি করেছে। বিশেষ করে সিঙ্গাপুরের মাঠে ভালো পারফরম্যান্স নিয়ে তিনি গর্ব প্রকাশ করেন এবং বলেন, এই অভিজ্ঞতা ভবিষ্যৎ অভিযানে বড় ভূমিকা রাখবে।

সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, লক্ষ্য শিরোপা

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী হামজা। গ্রীষ্মে প্রীতি ম্যাচের পর আসছে সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নামবে দল। পাশাপাশি ২০২৭ সালের এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

এনএনবাংলা/