দেশজুড়ে আবারও বাড়ছে হাম ও রুবেলা ভাইরাসের সংক্রমণ। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাই সন্তানকে সুরক্ষিত রাখতে প্রয়োজন সচেতনতা ও সঠিক পদক্ষেপ।
হাম হলে সাধারণত ১০১° থেকে ১০৪° ফারেনহাইট বা তারও বেশি জ্বর দেখা দেয়। এর সঙ্গে থাকে অনবরত কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া ও পানি পড়া। মুখের ভেতরে ছোট সাদা দাগ এবং ত্বকে লাল র্যাশও এই রোগের গুরুত্বপূর্ণ লক্ষণ। র্যাশ সাধারণত মুখ বা চুলের গোড়া থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা জরুরি। লক্ষণগুলো চিকিৎসককে জানিয়ে পরবর্তী করণীয় জেনে নিতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া সরাসরি হাসপাতালের জরুরি বিভাগে না যাওয়াই ভালো, কারণ এতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে।
অনেকে মনে করেন হাম শুধুই শিশুদের রোগ, কিন্তু বাস্তবে বড়রাও এতে আক্রান্ত হতে পারেন। যেসব প্রাপ্তবয়স্ক শৈশবে টিকা নেননি বা পূর্ণ ডোজ সম্পন্ন করেননি, তাদের ঝুঁকি বেশি। লক্ষণ ছোট-বড় সবার ক্ষেত্রেই প্রায় একই হলেও বড়দের ক্ষেত্রে তা বেশি তীব্র হতে পারে।
সংক্রমণ ছড়ানো রোধে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে এবং কাশি বা হাঁচির সময় টিস্যু বা কনুই ব্যবহার করা উচিত। ব্যবহৃত টিস্যু যথাস্থানে ফেলতে হবে এবং নিয়মিত সাবান-পানিতে হাত ধুতে হবে। খাবারের প্লেট, গ্লাস বা অন্যান্য জিনিসপত্র ভাগাভাগি করে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি দরজার হাতল, টেবিল ও ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস নিয়মিত জীবাণুমুক্ত করা প্রয়োজন।
খাবারের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জরুরি। শিশুর শরীরে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত পানি ও তরল খাবার দিতে হবে। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি আলু, পালং শাক ও ব্রকলি রোগ প্রতিরোধে সহায়ক। এছাড়া প্রোটিনসমৃদ্ধ খাবার—মাছ, ডিম, মাংস, দুধ, ডাল ও বাদাম—শরীরের শক্তি ফেরাতে সাহায্য করে।
জিঙ্কসমৃদ্ধ খাবার যেমন শিম, বাদাম ও গোটা শস্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হামের স্থায়িত্ব কমাতে সহায়ক। একই সঙ্গে ভিটামিন ‘সি’ জাতীয় খাবার—লেবুজাতীয় ফল, স্ট্রবেরি, ক্যাপসিকাম ও কিউই—আরোগ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে ভাজাপোড়া, অতিরিক্ত মিষ্টি, ঝাল ও ক্যাফেইনযুক্ত খাবার থেকে বিরত রাখা উচিত। সঠিক যত্ন, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যবিধি মেনে চললে হাম থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।
এনএনবাংলা/

আরও পড়ুন
জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী
জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনায় দিতে চায় সরকার: বিমানমন্ত্রী
সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেল ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’