Friday, April 3rd, 2026, 7:58 pm

সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেল ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’

 

ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া রাক্ষস এবার সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শিত হচ্ছে। আজ থেকে দেশের প্রায় ৩০টি হলে সিনেমাটি উপভোগ করতে পারছেন দর্শকরা।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই রোমান্টিক থ্রিলারে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

পাইরেসির ঝুঁকি বিবেচনায় নিয়ে মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে দুই সপ্তাহ পর দর্শকদের জন্য সারা দেশের বিভিন্ন হলে মুক্তি দেওয়া হলো ‘রাক্ষস’।

প্রদর্শক ও প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মণিহার সিনেমা ও মণিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ, শ্যামলী স্কয়ার ও সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

২৪ এপ্রিল সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে ‘দম’

অন্যদিকে, মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমাটি আগামী ২৪ এপ্রিল সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

তিনি জানান, পাইরেসির শঙ্কার কারণে প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। তবে দর্শক ও হল মালিকদের আগ্রহের কারণে এবার সারাদেশে একযোগে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সার্ভাইভাল গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। ইতোমধ্যে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে এবং চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

এনএনবাংলা/