Friday, April 3rd, 2026, 8:45 pm

জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

 

জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অযথা আতঙ্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের তোপখানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন মানুষের আতঙ্ক অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যাতে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি জানান, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও ঠিকভাবে চলছে। “পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, সুইচ চাপলে বিদ্যুৎ মিলছে—তাহলে সমস্যার কারণ কোথায়?”—প্রশ্ন রাখেন তিনি।

সরকার দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও দ্রব্যমূল্যের চাপ সফলভাবে সামাল দেওয়া হয়েছে এবং এতে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দাম বাড়ছে। বিশেষ করে সৌদি আরামকোর নির্ধারিত সিপি এবং প্রিমিয়াম যোগ করে দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়ায় এর প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।

তবে সরকার জনস্বার্থে মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত চাপের মুখে না পড়ে।

সবশেষে তিনি সবাইকে সাশ্রয়ী ও সচেতনভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান। এতে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে বলে উল্লেখ করেন তিনি।

এনএনবাংলা/