Saturday, April 4th, 2026, 1:20 pm

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনা থামবে না: ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো ধরনের প্রভাব ফেলবে না।

শুক্রবার এনবিসি নিউজকে ফোনে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুদের উদ্ধারে যে অভিযান চলছে, সে বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চান না। তিনি বিষয়টিকে একটি ‘সংবেদনশীল সামরিক ইস্যু’ হিসেবে উল্লেখ করেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ ক্রুদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গণমাধ্যমের সংবাদ পরিবেশন নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এই ঘটনার কারণে ব্যাহত হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘না, একেবারেই না। এটা যুদ্ধ। আমরা যুদ্ধে আছি।’

এনবিসি নিউজের প্রতিবেদক গ্যারেট হ্যাককে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সিএনএনকে জানান, ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে বিমানটিকে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল হিসেবে শনাক্ত করা হয়।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একই সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান— এ-১০— বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে দ্য ইন্ডিপেনডেন্টকে ফোনে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নিখোঁজ মার্কিন পাইলটের কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চান না। তিনি আশা প্রকাশ করেন, এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

এনএনবাংলা/পিএইচ