জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাণিজ্যে। দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, যা ইতোমধ্যে ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গন্তব্যভেদে ট্রাকভাড়া বেড়েছে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে।
আগে চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে খরচ হতো প্রায় ২৫ হাজার টাকা। বর্তমানে সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩১ হাজার টাকায়। অন্যদিকে, ঢাকা রুটে যেখানে আগে ভাড়া ছিল ১৭ হাজার টাকা, এখন সেখানে গুনতে হচ্ছে ২১ হাজার টাকারও বেশি।
এতে করে বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। ট্রাকভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে চালক কালাম বলেন, “কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৫-৬ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা পথে বসবে।”
ট্রাকভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের ব্যবসায়ী সুবহান বলেন, “দেশে তেলের (ডিজেলের) তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়ানো হয়েছে। এতে সাধারণ ব্যবসায়ীরা নিরুপায়।”
তবে ভিন্ন মত দিয়েছেন ট্রাক মালিক সমিতির এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “দেশে পেট্রোল-অকটেনের কিছুটা সমস্যা রয়েছে। যদিও ডিজেলের তেমন সংকট নেই, তবে নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়ায় পড়ছে।”
পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় শিগগিরই নিত্যপণ্যের দামেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে, প্রত্যাশা রাষ্ট্রদূতের
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর