Monday, April 6th, 2026, 4:36 pm

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি প্রেরণ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, দেশে হঠাৎ করে বিলুপ্তপ্রায় রোগ হাম আবারও ছড়িয়ে পড়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বহু শিশু ও সাধারণ মানুষ বর্তমানে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানানো হয়।

এতে অভিযোগ করা হয়েছে, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

নোটিশে যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্ট সব উপদেষ্টা। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম বলেন, আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহি ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে তিনি এই লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।

এনএনবাংলা/পিএইচ.