Tuesday, April 7th, 2026, 1:47 pm

গাজায় স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১০

ছবি: রয়টার্স

 

ফিলিস্তিনি ছিটমহল গাজায় বাস্তুচ্যুতদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার সংঘটিত এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু ফিলিস্তিনি গাজার ইসরায়েল-সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ইসরায়েলি বাহিনী ওই ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।

চিকিৎসাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ওই মিলিশিয়ারা স্কুলটিতে হামলা চালিয়ে কয়েকজনকে অপহরণের চেষ্টা করছিল। এ সময় গাজার মধ্যাঞ্চলীয় মাগাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে সংঘর্ষ চলাকালে একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

রয়টার্স আরও জানিয়েছে, ড্রোন হামলায় মোট নিহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ক্ষেপণাস্ত্র দুটি স্কুলসংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে, যেখানে অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

প্রত্যক্ষদর্শী আহমেদ আল মাগাজি জানান, ইসরায়েল-সমর্থিত মিলিশিয়া সদস্যরা এলাকায় আক্রমণ চালিয়ে গুলিবর্ষণ শুরু করে। তিনি বলেন, এসব মিলিশিয়া ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকার সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আক্রান্ত বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি রক্ষার চেষ্টা করেছিল, কিন্তু দখলদার বাহিনী তাদের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করে।”

পরে ইসরায়েল-সমর্থিত মিলিশিয়া বাহিনীর এক নেতা একটি ভিডিও বার্তায় দাবি করেন, তারা হামাসের পাঁচ সদস্যকে হত্যা করেছে। তবে রয়টার্স এই ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

অন্যদিকে, এ ঘটনার বিষয়ে হামাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তারা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সক্রিয় গোষ্ঠীগুলোকে ‘ইসরায়েলের দালাল’ হিসেবে অভিহিত করে থাকে।

চিকিৎসা কর্মীদের তথ্যমতে, সোমবার সকালে গাজা সিটিতে মোটরসাইকেলে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন এবং তার সঙ্গে থাকা এক শিশু আহত হয়। এছাড়া গাজার মধ্যাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালালে আরও এক ফিলিস্তিনি নিহত হন।

সব মিলিয়ে সোমবার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

এনএনবাংলা/পিএইচ