Tuesday, April 7th, 2026, 3:48 pm

গণ‌ভো‌টের ফল বাস্তবায়‌নে জামায়াত জো‌টের চার‌দি‌নের কর্মসূ‌চি

 

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সনদ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা কর্মসূচি, দাবি এবং পরবর্তী পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দলীয় ঐক্য লিফলেট বিতরণ করবে। আগামী ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এছাড়া ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হবে। একই সঙ্গে ১১ এপ্রিল দেশের সকল মহানগরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

পরবর্তী পর্যায়ে ১২ এপ্রিল দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আর ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনএনবাংলা/পিএইচ