Wednesday, April 8th, 2026, 3:56 pm

হুমকির পর ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ভয়াবহ পরাজয়: রাশিয়া

 

রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের পরাজয় হিসেবে দেখছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ‘একতরফা, আক্রমণাত্মক ও উসকানিমূলক’ হামলার কৌশল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

রাষ্ট্র মালিকানাধীন স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, “কিছুদিন আগে যুক্তরাষ্ট্র আরও আক্রমণাত্মক ও বিজয়ের খুব কাছে থাকার ঘোষণা দিয়েছিল। সামাজিক মাধ্যমেও সে নিয়ে প্রচুর পোস্ট হয়েছে। কিন্তু সবই এখন ভয়াবহভাবে ব্যর্থ। একতরফা হামলার কৌশল কার্যকর হয়নি।”

ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই সামাজিক মাধ্যমে হামলা জোরদারের হুমকি দিতেন। সর্বশেষ মঙ্গলবার তিনি পুরো ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন।

জাখারোভা বলেন, “রাশিয়া শুরু থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে। মস্কো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সতর্ক করেছে যে পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।”

ফেব্রুয়ারির ২৮ তারিখে শুরু হওয়া যুদ্ধে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হারায়। এর প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। ৩৯ দিনের এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এনএনবাংলা/পিএইচ