যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ বাংলাদেশিসহ মোট ৪ জন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্ক রাজ্যের আলবেনি থেকে প্রায় ৩০ মাইল দূরে ৯-এইচ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কলম্বিয়া কাউন্টি শেরিফ (পুলিশ কমান্ডার) জ্যাকি সালভাতোর জানান, মহাসড়কে একটি টয়োটা প্রিয়াস এবং টয়োটা ক্রাউনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে টয়োটা প্রিয়াসের চালকের আসনে থাকা নাজমুল রুবেল (২৯), তার বাবা মোহাম্মদ হিরামন (৬০) এবং রুবেলের বন্ধু ফাহিম হালিম (২৫) ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া একই গাড়িতে থাকা ফাতেমা আকতার রত্না (৩৩) ও তার এক বছর বয়সী ছেলে ইকরা গুরুতর আহত হন। তারা বর্তমানে আলবেনির একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে টয়োটা ক্রাউনে থাকা জুলিয়া রিচি (৬২) ঘটনাস্থলেই মারা যান। চালকের আসনে থাকা লুকা পেলভেনিয়ান আহত হয়েছেন।
নিহত ও আহত বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের বাসিন্দা। বুধবার স্থানীয় সময় বাদ জোহর ব্রঙ্কসের বায়তুল আমার ইসলামিক সেন্টারে নিহতদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরবর্তীতে তাদের নিউ জার্সির মার্লবরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।
নাজমুল রুবেলদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তাদের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ দুর্ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিসে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত
টালিউডে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু