অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত ও বিচার এবং শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব টালিউড। এ ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিলেও মাত্র একদিন পরই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে অভিনয়শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম।
মঙ্গলবার শুরু হওয়া কর্মবিরতি বুধবার থেকে তুলে নেওয়া হয়েছে। ফলে আজ থেকেই টেলিভিশন ও সিনেমার শুটিংসহ সব ধরনের কাজ শুরু করছেন শিল্পীরা। তবে একযোগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তারা—ম্যাজিক মোমেন্টস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে আপাতত কাজ করবেন না টালিউডের শিল্পী ও কলাকুশলীরা।
কর্মবিরতির দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্ত জানান টালিউডের শীর্ষ তারকারা। এ সময় উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস ও কৌশিক গাঙ্গুলী।
রঞ্জিত মল্লিক বলেন, “যে প্রযোজনা সংস্থার কাজে গিয়ে রাহুলের মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে এই মুহূর্তে কাজ করা সম্ভব নয়। আমরা সত্য জানতে চাই—ঠিক কী ঘটেছিল।”
অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “আজ থেকেই সব কাজ শুরু হবে। তবে ম্যাজিক মোমেন্টস বা তাদের সঙ্গে যুক্ত কারও সঙ্গে আমরা কাজ করব না। এটা কোনো ব্যক্তিগত বিরোধ নয়—আমরা শুধু সত্যটা জানতে চাই।”
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও লাইফগার্ড ছাড়াই তাকে উত্তাল সমুদ্রে শুটিংয়ে নামানো হয়েছিল।
এ ঘটনায় প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। পাশাপাশি, রাহুলের মৃত্যুর পর প্রযোজক ও পরিচালকদের পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন টালিউডের শিল্পী ও কলাকুশলীরা।
এনএনবাংলা/


আরও পড়ুন
ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টার মধ্যেই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’, ইরানের তেল শোধনাগারে ফের ‘হামলা’