ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী’র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও মতবিনিময় হয়।
খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
উভয় দেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্ধারিত পদ্ধতিতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
বৈঠকে জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করা হবে।
অন্যদিকে, ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য হরদীপ পুরীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ পক্ষ থেকে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানায়। এ বিষয়ে ইতিবাচক বিবেচনার ইঙ্গিত দেন ভারতীয় মন্ত্রী।
তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফর শেষে আগামী ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
টালিউডে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টার মধ্যেই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’, ইরানের তেল শোধনাগারে ফের ‘হামলা’