Thursday, April 9th, 2026, 1:42 pm

সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল

 

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে অংশ নিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক্সে দেওয়া বার্তায় মোঘাদাম উল্লেখ করেন, কূটনৈতিক উদ্যোগ ব্যাহত করতে ইসরায়েলের ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এর ফলে যুদ্ধাবসান সংলাপ নিয়ে ইরানি জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তবে এসব পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল আজ রাতে ইসলামাবাদে যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে পাকিস্তান এ যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফা সম্বলিত একটি প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র।

ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলে চলতি এপ্রিলের শুরুতে সেই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ আবার তেহরানে পাঠানো হয়। নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধে দুই ধাপের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়। এই সময়ের মধ্যেই আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতির পথ খুঁজে বের করার কথা বলা হয়েছে।

সংশোধিত প্রস্তাব পর্যালোচনা করে ইরান ৪৫ দিনের পরিবর্তে ১৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। পাশাপাশি মার্কিন প্রস্তাবের পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা দাবি সম্বলিত একটি পৃথক প্রস্তাবনাও পাঠায় তেহরান। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই দুই প্রস্তাবকে ভিত্তি করেই ইসলামাবাদে সংলাপ আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আগামী ১০ এপ্রিল সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে গতকাল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স–এর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলও শিগগির ইসলামাবাদের উদ্দেশে রওনা হবে।

সূত্র : জিও টিভি

এনএনবাংলা/পিএইচ