Thursday, April 9th, 2026, 3:27 pm

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের আইন-শৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সেখানে বসে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন কার্যক্রম মনিটর করা হয়।

সিইসি বলেন, কন্ট্রোল রুম পরিদর্শনের সময় দেখা গেছে—দুই আসনের নির্বাচন পর্যবেক্ষণে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটর করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই নির্বাচনও যেন অন্তত সেই মানের চেয়ে খারাপ না হয়—সে লক্ষ্যেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনটি যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেরপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, সীমান্তের কারণে সেনাবাহিনীকে কিছুটা দূরে অবস্থান করতে হয়। তাই ওই এলাকায় বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি র‍্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এ এম এম নাসির উদ্দিন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে প্রথম রিপোর্ট পাওয়া যায়, যেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক থাকার কথা জানানো হয়। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কিছুটা কম থাকে—তবুও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সময় চট্টগ্রামের দুটি আসনের ফলাফল সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন (সাব-জুডিস) থাকায় এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। আদালত যে সিদ্ধান্ত দেবে, নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিগত সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত তিনটি চিঠির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চান না। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বৈঠক ও বিস্তারিত আলোচনা করতে হবে। বিদ্যমান আইন ও জারি হওয়া অধ্যাদেশসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদে আলোচনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, এসব বিষয় বর্তমানে অপ্রাসঙ্গিক এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা থেকেও বিরত থাকেন তিনি।

এনএনবাংলা/পিএইচ