Friday, April 10th, 2026, 2:17 pm

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার বেলা ১১টার দিকে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন, তাদের সবারই একটি প্রত্যাশা রয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ফরম নেবেন এবং দলের পার্লামেন্টারি বোর্ড সবদিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, প্রার্থীদের আন্দোলনে ভূমিকা, গত ১৬-১৭ বছরের রাজনৈতিক অবদান, দক্ষতা, সংসদে কথা বলার সামর্থ্যসহ প্রয়োজনীয় সব যোগ্যতা বিবেচনায় নিয়েই দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে।

দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, মনোনয়ন না পাওয়া নিয়ে কোনো বিশৃঙ্খল বা নেতিবাচক পরিবেশ তৈরি করা যাবে না। দলের জন্য ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে এবং একই সময়ের মধ্যেই ফরম জমা দিতে হবে বলে জানান তিনি।

প্রথম মনোনয়ন ফরমটি জেরিন দেলোয়ার হোসেনের হাতে তুলে দেন রিজভী। দ্বিতীয় ফরমটি দেওয়া হয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের স্ত্রী ফাতেমা আসাদকে। এরপর নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক ও পেয়ারা মোস্তফা সহ আরও অনেকে ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও তারিকুল ইসলাম তেনজিং।

সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম কিনতে বিএনপির কয়েকশ নারী নেতা নয়া পল্টনের কার্যালয়ে ভিড় করেন। তারা লাইনে দাঁড়িয়ে ২ হাজার টাকা দিয়ে রসিদ কেটে ফরম সংগ্রহ করেন। এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

এর আগে গত বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, প্রার্থী হতে মনোনয়ন দাখিল করা যাবে ২১ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পাবে।

এনএনবাংলা/