জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার দীর্ঘ ক্যারিয়ারে বহু সম্মান অর্জন করেছেন। তবে এর মধ্যে অন্যতম স্মরণীয় একটি ঘটনা হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে পাওয়া একটি বিশেষ চিঠি।
২০০৩ সালে ঢাকার ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে মনের মাঝে তুমি সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন তারেক রহমান।
পূর্ণিমা জানান, সেই চিঠিতে ‘মনের মাঝে তুমি’ ছবির সকল অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে প্রশংসা করা হয়। চিঠিতে লেখা ছিল—
“এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি”—এই প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন তিনি।
পূর্ণিমার ভাষায়, তার এই উদারতা চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। তিনি আরও বলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলন ছিল না, তাই তার মা পরিচিত সাংবাদিকদের কাছে চিঠিটি দেখিয়েছিলেন।
সম্প্রতি নিজের জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন পূর্ণিমা জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এ। এটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান। পডকাস্টটি শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।
এই পডকাস্টে পূর্ণিমা আরও জানান, রায়হান রাফী পরিচালিত দহন ও প্রেশার কুকার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকি ‘দহন’ সিনেমায় সাইনও করেছিলেন। তবে পরবর্তীতে কেন এই দুটি সিনেমায় কাজ করেননি, তার ব্যাখ্যাও দিয়েছেন ওই অনুষ্ঠানে।
এছাড়া তার ক্যারিয়ারের প্রথম সিনেমা এ জীবন তোমার আমার-এ নায়িকা হিসেবে তিনি পরিচালক জাকির হোসেন রাজু-এর প্রথম পছন্দ ছিলেন না বলেও জানান। পরবর্তীতে এক জনপ্রিয় নায়িকার পরিবর্তে তিনি সেই সুযোগ পান—যা তার অভিনয় জীবনের সূচনা করে।
এনএনবাংলা/


আরও পড়ুন
‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০
এবার সয়াবিন তেলের সংকট, পাওয়া যাচ্ছে না ১ ও ২ লিটারের বোতল