যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার প্রতিনিধি দল। তাদের বহনকারী বিমান অবতরণের পর রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।
অন্যদিকে, আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধি দলও শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
যেকোনো সময় শুরু হতে পারে আলোচনা
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানের সঙ্গে প্রথম দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শনিবার সকালেই আলোচনার প্রথম ধাপ শুরু হবে।
‘ইরান চালাকি করলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে না যুক্তরাষ্ট্র’
শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনায় অংশ নিতে তিনি আগ্রহী এবং এ বৈঠকের জন্য অপেক্ষা করছেন। ইরান যদি আন্তরিকভাবে আলোচনায় অংশ নেয়, তবে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত থাকবে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তা মেনে নেবে না এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে না।
সূত্র জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার উপস্থিত থাকবেন। দীর্ঘদিনের বৈরিতা নিরসন এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যেই এই আলোচনা আয়োজন করা হয়েছে।
স্টিভ উইটকফ বর্তমানে মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অতীতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
‘মিনাব ১৬৮’ নামে ইরানি বিমানের প্রতীকী বার্তা
ইরানি সরকারের তথ্য অনুযায়ী, পাকিস্তানে পৌঁছানো প্রতিনিধি দলের বিমানটির নাম রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’। এই নামটি সাম্প্রতিক একটি হামলায় নিহত ১৬৮ জন ইরানি নাগরিকের স্মরণে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে শিশুরাও ছিল। ২৮ ফেব্রুয়ারির ওই ক্ষেপণাস্ত্র হামলায় মিনাব শহরের শিশুদের স্কুল ‘শাজরায়ে তাইয়েবা’ ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী অনিচ্ছাকৃতভাবে ওই হামলা চালিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলমান।
পাকিস্তানে অবতরণের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ছবি শেয়ার করেন। ছবিতে বিমানের আসনে চারটি শিশুর ছবি রাখা দেখা যায়, যার পাশে ছিল স্কুল ব্যাগ ও ফুল। পোস্টে তিনি লিখেছেন, ‘এই ফ্লাইটে তারা আমার সহযাত্রী।’
যুদ্ধ ও যুদ্ধবিরতির প্রেক্ষাপট
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ সপ্তাহ ধরে চলা সংঘাতে ইরানে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবার প্রধানকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০