Saturday, April 11th, 2026, 3:51 pm

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

জানা গেছে, লালমনিরহাটে দুই দিনের সফরে অংশ নিতে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন।

পরে দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে দুপুর ২টা ১০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, জানা গেছে ঢাকার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের পথে রওনা দিয়েছে। এটি পৌঁছালে মন্ত্রীকে দ্রুত রাজধানীতে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনএনবাংলা/পিএইচ