ময়মনসিংহে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ওয়ার্ডটিতে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৭ জন শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে ২৭ জন শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৭১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮৪ জন শিশু, আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রথমে এক-দুজন করে শিশু রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হতে থাকলেও মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালটিতে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত ১৯৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৪ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন শিশু ভর্তি হলেও এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র খুলনার লিফলেট বিতরণ
হাতিতে চড়ে বরের আগমন, ঘোড়ার গাড়িতে কনের বিদায়—জয়পুরহাটে ব্যতিক্রমী বিয়ে