Saturday, April 11th, 2026, 4:27 pm

আঘাত থেকে সেরে উঠছেন মোজতবা, মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ

 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বিমান হামলায় মুখ ও পায়ে গুরুতর আঘাত পাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ তিনজন ব্যক্তি। এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ।

সূত্রগুলোর দাবি অনুযায়ী, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে চালানো ওই হামলায় মোজতবা খামেনির মুখে বিকৃতি ঘটে এবং তার এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে।

৫৬ বছর বয়সী এই নেতা বর্তমানে ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হচ্ছেন। তবে ঘনিষ্ঠদের মতে, তিনি মানসিকভাবে সম্পূর্ণ সচেতন এবং সুস্থ অবস্থায় আছেন। তিনি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে অডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

তবে শারীরিকভাবে রাষ্ট্র পরিচালনায় তার সক্ষমতা কতটা, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্যায় চলমান, যার অংশ হিসেবে শনিবার ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলোই মোজতবা খামেনির অবস্থার সবচেয়ে বিস্তারিত বর্ণনা হলেও, রয়টার্স জানিয়েছে যে তারা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

হামলার পর থেকে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং প্রকাশ্যে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে তার বাবার মৃত্যুর পর ৮ মার্চ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করার পর থেকে তাকে কোনো ছবি, ভিডিও বা অডিওতে প্রকাশ্যে দেখা যায়নি।

জাতিসংঘে ইরানের মিশনও তার আঘাত বা অনুপস্থিতি নিয়ে জাতিসংঘ-এর প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

সূত্র অনুযায়ী, যুদ্ধের প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির হামলায় তিনি আহত হন। ওই হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই ঘটনায় মোজতবার স্ত্রী, শ্যালক ও শ্যালিকারাও প্রাণ হারান বলে জানা গেছে।

এ বিষয়ে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদ পাঠিকা তাকে ‘জানবাজ’ হিসেবে উল্লেখ করেছেন—যা সাধারণত যুদ্ধে গুরুতর আহত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে খামেনি আহত হয়েছেন এবং তার মুখমণ্ডলে গুরুতর বিকৃতি থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত একটি পা হারিয়েছেন। তবে এ বিষয়ে CIA কোনো মন্তব্য করেনি। একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাতাঙ্কা বলেন, আঘাতের মাত্রা যাই হোক না কেন, অভিজ্ঞতাহীন নতুন এই নেতা তার পূর্বসূরির মতো সর্বময় ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন—এমন সম্ভাবনা কম।

তার মতে, যদিও মোজতবা খামেনিকে ধারাবাহিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে, তবুও পূর্বসূরির মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তার অনেক সময় লাগতে পারে। তিনি আরও বলেন, মোজতবা একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হবেন, তবে তিনি একক সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি নাও হতে পারেন। শেষ পর্যন্ত শাসনব্যবস্থাকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে অগ্রসর হবে।

সূত্র: রয়টার্স

এনএনবাংলা/পিএইচ