রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে শিশুদের নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি মিলনায়তনে উপস্থিত হয়ে সাধারণ দর্শকদের সঙ্গে বসে ‘কবি চিতাবাঘ’ নামের নাটকটি উপভোগ করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নাটকটি দেখতে আসেন। তাদের এই আকস্মিক সফর এবং মিলনায়তনে উপস্থিতির বিষয়টি আগে থেকে সাধারণ দর্শকদের জানা ছিল না।
মিলনায়তনে উপস্থিত দর্শকদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বা কড়াকড়ি তাদের চোখে পড়েনি। নাটক চলাকালে দীর্ঘ সময় পাশের আসনে বসা অনেক দর্শকই প্রথমে বুঝতে পারেননি যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই বসে নাটক দেখছেন। পরে বিষয়টি জানাজানি হলে দর্শকদের মধ্যে কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়।
মেয়েকে নিয়ে মিলনায়তনের দ্বিতীয় তলায় নাটক দেখতে আসা দর্শক তানহা চৌধুরী বলেন, ‘মেয়েকে নিয়ে নাটক দেখতে এসেছিলাম। হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গেই বসে নাটকটি উপভোগ করছেন। বিষয়টি দেখে খুব ভালো লেগেছে, অথচ শুরুতে আমরা বুঝতেই পারিনি।’
নাটক প্রদর্শনী শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সপরিবারে মঞ্চে ওঠেন। এ সময় তিনি নাটকে অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভিনয়ের প্রশংসা করেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবার প্রধানকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০