জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
শ্রীমঙ্গলে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
রোববার (১২ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় ক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রুবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদ ও আব্দুর রব বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন।
বক্তারা বলেন, এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ এবং এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
একইসঙ্গে, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর পক্ষ থেকে আগামীকাল (১৩ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক মহল মনে করছে, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে ক্ষুন্ন করতে পারে।


আরও পড়ুন
মাদারীপুরে চলন্ত বাসে আগুন, নিহত ১
বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, বাস্তবায়ন ও জনকল্যাণে কাজ করে-প্রিন্স
রংপুরে যুবদল নেতাকে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলা