যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে বিদেশি গর্ভবতী নারীদের আগমন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত—এবার তা কঠোরভাবে দমনের উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সহায়তাকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এসব নারীর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নবজাতকের জন্য স্বয়ংক্রিয় নাগরিকত্ব নিশ্চিত করা।
রয়টার্সের হাতে আসা এক অভ্যন্তরীণ ই-মেইল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দেশজুড়ে তদন্ত কর্মকর্তাদের ‘বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ’-এ জোর দিতে নির্দেশ দিয়েছে। এই অভিযানের লক্ষ্য হলো, সেই সব চক্রকে চিহ্নিত ও নির্মূল করা, যারা বিদেশি গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করে।
২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই রিপাবলিকান নেতা ট্রাম্প বৈধ ও অবৈধ অভিবাসন কমাতে কঠোর অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়ম সীমিত করতে ‘জন্ম পর্যটন’ ইস্যুকে সামনে আনছেন তিনি।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, এই ধরনের জন্ম পর্যটন করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
যদিও মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) চলমান তদন্ত নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি, তারা জানিয়েছে—এ ধরনের কার্যক্রমে জড়িত চক্রগুলোর বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে এবং আইন লঙ্ঘনের বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে জন্ম পর্যটন সরাসরি নিষিদ্ধ নয়। তবে ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের এক নীতিমালায় বলা হয়, শুধুমাত্র সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে পর্যটক বা ব্যবসায়িক ভিসা ব্যবহার করা যাবে না। এমন ক্ষেত্রে জালিয়াতি বা প্রতারণার অভিযোগে মামলা হতে পারে।
বিশ্লেষণ অনুযায়ী, ২০১৬-১৭ সালের মধ্যে প্রায় ২০ থেকে ২৫ হাজার নারী জন্ম পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যদিও ২০২৫ সালে দেশটিতে মোট জন্মের সংখ্যা ছিল প্রায় ৩৬ লাখ, যার মধ্যে এই ধরনের ঘটনার হার তুলনামূলকভাবে খুবই কম।
তারপরও রিপাবলিকানদের একটি অংশ জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার দাবি জোরালো করছে, যদিও এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি সংশোধনীর মাধ্যমে দীর্ঘদিন ধরে স্বীকৃত।
এনএনবাংলা/


আরও পড়ুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি ট্রাম্পের
মাদারীপুরে চলন্ত বাসে আগুন, নিহত ১
হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী